দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি এবার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে শূন্য ঘোষণা করা হয়েছে তার সংরক্ষিত নারী আসন-২৩।
পদত্যাগপত্রে ফেরদৌসী আহমেদ লেখেন, তিনি ‘সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায়’ জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
স্পিকারকে দেওয়া পদত্যাগপত্রে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। এখন সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘আমি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য (সংরক্ষিত মহিলা আসন-২৩) পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এরপর পদত্যাগপত্র গ্রহণ করে তা কার্যকর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকারের কাছে অনুরোধ জানান তিনি।
তবে পদত্যাগপত্রে এর বাইরে কোনো কারণ বা ব্যাখ্যা দেননি ফেরদৌসী আহমেদ। রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা কিংবা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়েও পদত্যাগপত্রে কোনো বক্তব্য দেননি তিনি।
এদিকে বিকেল সাড়ে ৪টায় এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আজ থেকেই এমপি মিষ্টির পদত্যাগ কার্যকর হয়েছে।’
স্পিকার বলেন, ‘বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ফেরদৌসী আহমদ মিষ্টি আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র দিয়ে গিয়েছেন এবং সংবিধানের বিধান মোতাবেক পদত্যাগ করা মাত্র তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসামাত্রই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেব এবং আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হলো।’
জাতীয় সংসদের স্পিকার বলেন, ‘সংসদের বিধান হলো এই যে, এমপিরা যখন পদত্যাগ করেন, কোনো কারণ উল্লেখ করেন না।’
/অ